স্টাফ রিপোর্টার ★
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল এবং তাকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখার দাবিতে সিলেটে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর সিলেটে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা রোববার (২১ জুন) বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে আজই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘রেনেসাঁ’র আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। এতে বক্তব্য রাখেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সৈয়দ সালিম কাসিমী, মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার পরিচালক মুফতি মিনহাজুস সিরাজ, বিশিষ্ট দায়ী আবদুল্লাহ আল মনসুর, আহমাদুল হক উমামা, আদিব আহমদসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেয়া একজন জনবান্ধব, সৎ ও কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ করে প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাহসী ভূমিকা পালন করেছেন।
তারা অভিযোগ করে বলেন, ডিসি সারওয়ার আলম শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছেন। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করায় একটি দুর্নীতিবাজ ও সুবিধাভোগী চক্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বছরের পর বছর যারা অনিয়মের মাধ্যমে স্বার্থ হাসিল করেছে, তাদের ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ এই বদলির আদেশ।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে আলটিমেটাম দেন যে, সিলেটবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে এই প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণসমাবেশ ও হরতালের মতো কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জনমতের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত সিলেটবাসী মেনে নেবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।
বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, ‘সিলেটের স্বার্থে, সিলেটবাসীর দাবির প্রতি সম্মান দেখিয়ে ডিসি সারওয়ার আলমকে বহাল রাখতে হবে। জনমতের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত সিলেটবাসী মেনে নেবে না।
প্রসঙ্গত, রোববারই সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়। একইসঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে ওই প্রজ্ঞাপনে জেলা প্রশাসককে প্রত্যাহারের কারণ কিংবা নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব নেবেন, এর উল্লেখ নেই।

















